শরৎ সকাল, শিশির কণা ।। চন্দনকৃষ্ণ পাল

আজকে আকাশ নীল মেখেছে গায়ে

নীল কুয়াশা ভাসছে ডানে বায়ে

নদীর জলেও নীলের ছোঁয়া

গাছ গাছালীর শরীর ধোয়া

টলমলে জল নিয়ে পুকুর হাসে

সাদা ও নীল শাপলা কনে

সে জলেতে ভাসে

শাপলা পাতায় জল পিপিরা

পা ফেলে যায় দূরে,

আকাশ বাতাস ভরে থাকে

শারদীয়া সুরে।

মেঘের মেয়ে কোথায় তুমি

নেইতো তোমার দেখা

সারা আকাশ জুড়ে শুধু

সাদা ও নীল রেখা

শিউলী তলায় নকশা আঁকা

ছোট্ট নদীর শরীর বাঁকা

দূর্বা ঘাসের ডগায় বসে কে?

রঙধনু রং ঝিলিক দিলো যে।

সারা রাতের শীতলতায়

সবুজ দূর্বা ঘাসের ডগায়

সকাল বেলায় বিন্দু হয়ে হাসে

দূর্বা ঘাসে ঘাসে

ঝিলিক দেয়া রঙধনু রং

রঙধনু নয় রঙের আড়ং

শিশির কণা কন্যা আমার প্রিয়,

আমি তো খুব ঘুম কাতুরে

পারলে একটু ভোরবেলা ডাক দিও।

সকালটাকে মাখবো গায়ে

থাকবে সাথে ঐ আকাশের নীল

সূর্যের আলো ছুঁয়ে ছুঁয়ে

করে যে ঝিলমিল।

Post a Comment

0 Comments