রেজা কারিম’র লিরিক

রেজা কারিম’র দেশের গান
(সবাইকে ২৬শে মার্চের আগুনে শুভেচ্ছা)

১.
যুদ্ধ শুধু যুদ্ধ
যুদ্ধ অনিরুদ্ধ 
যুদ্ধ করে আজো কেন আছি মোরা ক্রুদ্ধ।

যুদ্ধ করে আনলো যারা স্বাধীন পতাকা
তাদের জন্য কোথায় আজি আলোর পথ আঁকা
সুরের রেশে বীরের বেশে 
আনলো যারা কষ্ট শেষে
অধিকারের ষোলআনা মুক্ত বায়ুসুদ্ধ। 

জীবন বাজি রেখে যারা পূর্ণ ন’টি মাস 
দেশের তরে শহীদ হলো তরতাজা সে লাশ
তাদের জন্য বৃষ্টি ঝরে 
ঝরণা নামে শব্দ করে 
আমরা কেবল তাদের বেলায় হইনি পরিশুদ্ধ। 

২.
আমি কেমন করে ভুলে যাবো 
একাত্তরের কথা 
শুধুই নিরবতা
পরের অধীনতা 
বারে বারে প্রতিবাদে প্রতিরোধে 
আমি বুক উঁচিয়ে তাই দাঁড়াবো। 

কান পেতে রই আজো শুনি
বউ কথা কও ডাকছে পাখি
সে পাখির বুক ভাংতে খুনি
বেঁধে এলো তার দুই আঁখি
হাতে হাতে কাঁধে কাঁধে নবসাজে
আমি বুক উঁচিয়ে তাই দাঁড়াবো। 

স্মৃতির পাতায় পড়ে থাকি 
যায় শোনা যায় কামানের ডাক
নববধু রয় একাকি
চোখের কোণায় যমুনার বাঁক
পিশাচেরা চুষে গেছে মানবতা
আমি বুক উঁচিয়ে তাই দাঁড়াবো। 

৩.
মুক্তিযুদ্ধে পাইনি খুঁজে আমার ভাইয়ের লাশ 
স্বাধীনতার পরে দেখি উঠোন জুড়ে ঘাস
প্রাণের ভেতর হচ্ছে গুলি 
ছুঁড়ছে বোমা উড়ছে খুলি 
করছি হাহুতাশ। 

বুড়ো বাবা মায়ের দেহ কোথাও দেখি নাই 
ঘর পুড়েছে আগুন দিয়ে হারিয়ে গেছে ছাই
মনের ভেতর ঝড়ের কাঁপন 
ভাসছে চোখে সাদা কাফন
এ কেমন বিনাশ। 

লাঙল দিয়ে চষতে জমি হাড়ের দেখা পাই 
সব হারানোর ব্যাথা নিয়ে বিজয় গাঁথা গাই
আঁধার আলোর প্রশ্ন ভুলে 
অস্ত্র নিয়েছিলাম তুলে
হইনি তবু দাস।

Post a Comment

0 Comments