আঙুল // আলী আকবর বাবুল

কেউ দেখেনি স্বাধীনতার জন্মক্ষণ—
শুধু একটি আঙুল উঠেছিল
আর সময় তার ঘড়ি খুলে রেখেছিল মাটির ওপর।
শেখ মুজিবুর রহমান তখন উচ্চারণ করছিলেন আগুনের ব্যাকরণ,
শব্দগুলো পাথর ভাঙা শ্রমিকের মতো
শতাব্দীর দেয়ালে হাতুড়ি চালাচ্ছিল।
৭ মার্চের ভাষণ ছিল না কেবল ভাষণ—
এটি ছিল ভেতরে লুকানো মহাকাশের দরজা খুলে দেওয়া সংকেত।
ধানক্ষেতে জমে থাকা শিশির
হঠাৎ রূপ নিলো অদৃশ্য সৈনিকের শপথে,
মায়ের কপালের সিঁদুর জ্বলে উঠলো লাল মানচিত্রে।
আঙুলটি যেন বিদ্যুতের সূক্ষ্ম শিরা,
যার ভেতর দিয়ে দৌড়াচ্ছিল অনাগত রাষ্ট্রের রক্ত।
আর অন্ধকার—
নিজের ছায়া গুটিয়ে নিয়ে
নীরবে স্বীকার করলো একটি সূর্যের নাম। 

Post a Comment

0 Comments