মায়ের আঁচল ধরে খোকা বায়না ধরে ভারি,
পরো তো মা আজকে তোমার লাল টুকটুকে শাড়ি।
মামা বাড়ির মিষ্টি ফলের দারুণ মিঠা স্বাদ,
মনে পড়লে জিভে জল আসে,বাড়ে যে আহ্লাদ।
নেই পড়াশোনা,নেইকো তাড়া,অবাধ বিচরণ,
কাঁচা -পাকা ফলের গন্ধে জুড়াবে এই মন।
হাঁটব পথে গান গেয়ে মা,লাগবে না তো গাড়ি,
ছিপ ফেলে মাছ ধরব দু'জন, দেব যে এক পাড়ি।
মাসির সাথে খাবো মাগো টক-ঝাল-মিষ্টি,
ভিজব দু'জন মনের সুখে, যদি নামে বৃষ্টি।
মুড়ি - নাড়ুর মিষ্টি স্বাদে কাটবে বিকেল বেলা,
আদরমাখা সেই উঠোনে নেই কোনো অবহেলা।
আনারস আর আম- কাঁঠালের মিষ্টি রসের ঘ্রাণ,
পঠা- পুলি আর খেজুর রসে জুড়াবে এ প্রাণ।
নানী যখন মাখবে আদর দুধ- কলা আর ভাতে,
গল্প শুনে ঘুমিয়ে যাব রূপকথারি রাতে।
বলতে বলতে খোকন সোনার চোখে আসে জল,
যাবে কি মা? ও মা তুমি একটি কথা বল।
মা হাসেন আর মাথায় হাত বুলিয়ে কন ধীরে,
সামনে ছুটি,যাব আমরা প্রাণের সেই নীড়ে।
0 Comments