ছদ্মবেশী ভণ্ড
সুশীল সেজে ছাড়ছে বয়ান মিষ্টি কথন,
হাতে তাদের জপের মালা ছলে ভরা মন।
মুখের ওপর মুখোশ আঁটা ভণ্ডদেরই কাজ,
অন্ধজনে চশমা বেচে চোরেরা রাজা আজ!
সামনে কত নীতির কথা পেছনে দেয় বাঁশ,
চোরের মায়ের বড় গলা ছড়ায় সর্বনাশ!
বাঘের কাছে সঁপেছি আজ আস্ত ছাগল বর্গা,
পাহারাদার নিজেই করে ডাকাতি আর দোরগা।
শেয়ালেরই জিম্মাতে আজ মুরগি ছিল রাখা,
আস্ত গিলে হাড় চিবিয়ে মুখটা রাখে ঢাকা!
ঠোঁটের কোণে রক্ত লেগে, তাও যে নীতি গায়,
মুরগি খেলে কি আর বলো চরিত্রটা যায়?
ধোয়া তুলসী পাতা সেজে সাধুর মতো রূপ,
বিবেক বেচে স্বার্থ গোছায় সমাজটা রয় চুপ।
কফিনে শেষ বন্দি হবে ভণ্ডের ছদ্মবেশ,
জাগ্রত এই প্রতিবাদেই কাটবে আঁধার দেশ!
0 Comments