অপ্রতিম অতঃপর আইফোন ।। রফিকুল ইসলাম
তেরোটি বসন্তের ধুলো মেখে,
যে ছেলেটি ঘরে ফিরত রোজ,
নিঝুম সন্ধ্যার বাতাসে আজ আর মেলে না
তার কোনো খোঁজ।
বন্ধুর মুঠোফোনে রয়ে গেল শুধু এক টুকরো মায়াবী রোদ্দুর,
সে হাসির আলো ফেলে অপ্রতিম আজ চলে গেছে কতদূর!
পড়বার টেবিলটা একা পড়ে থাকে,
বইগুলো বড় বেশি চুপ,
মায়ের চোখের জলে মুছে যায় পৃথিবীর চেনা সব রূপ।
আলনায় ঝুলছে নিস্পৃহ জামা,
ঘ্রাণেরা হারায় তার দিশা,
দেয়ালের হাসিমুখ স্তব্ধ চেয়ে মায়াময় নিশা।
কাঁচ আর সিলিকনে গড়া এক যন্ত্রের কৃত্রিম আলো,
একটি মায়ের কোল এমন উদাস করে কীভাবে নিয়ে গেলো ?
সভ্যতার এই ভিড়ে মানুষ তো নয়,
যেন ঘোরে কিছু ছায়া,
রক্তের চেয়ে আজ দামি হয়ে ওঠে প্লাস্টিক-কাঁচের এ মায়া!
চারিদিকে এত শোরগোল, তবু পৃথিবীটা আজ বড় ফাঁকা,
বিবেকের কঙ্কালে প্রগতির কত রঙ-তুলি দিয়ে ঢাকা।
অপ্রতিম ঘুমায় মাটির ঘরে, আর মা গোনে অনন্ত রাত,
উদাসীন এই সমাজ বোঝে না তো কার বুকে নেমেছে আঘাত!
0 Comments