ভূগর্ভের মহাক্রন্দন
বিপুল চন্দ্র রায়
প্রকৃতির কোলে ছিল শান্ত সবুজ এই ধরা,
আকাশের নীলিমা আর স্নিগ্ধ সুবাস মোরা।
সহসা সে রূপের হয় ঘোর এক পরিবর্তন,
গর্জন ওঠে পাতালে কাঁপে ধরিত্রীর কোণ।
মাটির গভীরে যেন চলে এক মহাক্রন্দন,
কেঁপে ওঠে ধরিত্রী হারায় যত বন্ধন।
সুপ্ত-ক্রোধে ফেটে যায় ভূগর্ভের নিথরতা,
বিধ্বংসী শক্তি জাগে মুছে দেয় সব ভ্রান্ততা।
থরথর কাঁপে ঘর-বাড়ি, কেঁপে ওঠে প্রাচীর,
যেন বাজে প্রকৃতির রোষ জাগে ভয় অস্থির।
যেন কোনো দৈত্যের রুদ্র ক্রোধের ছাপ,
কম্পনে ওঠে বুকভরা মানুষের পাপ।
ভেঙে পড়ে ইঁট-কাঠ, ধূলিসাৎ সব স্মৃতি,
অসহায় চোখে চেয়ে দেখে শুধু মানবজাতি।
মাটির গভীরে যেন চলে তীব্র সংঘাত,
প্রকৃতির এ রুদ্রমূর্তি ভূমিকম্পের রাত।
তবু্ও ধ্বংসের পরে থাকে জেগে ওঠার মন্ত্র,
এই প্রলয়ের শেষেও বাজবে জীবনের গান।
শিখে নিতে হয় সহাবস্থান প্রকৃতির সাথে,
ক্ষমা চেয়ে নিতে হবে এই প্রকৃতির কাছে।
ভুল ভাঙুক, শুরু হোক নতুন করে বাঁচা,
এই মাটি-জল-আলোতে আছে সবারই বাসা।
আসুক শান্তি, আসুক ঋদ্ধির নতুন এক সুর,
হোক আবার এই বসুন্ধরা সুন্দর ও মধুর।

0 Comments